চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। শেষ কিছু সিরিজের ফলাফলও ভালো নয়। তবুও ফিল সিমন্সেই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আরো লম্বা সময়ের জন্য তার সার্ভিস চায় তারা।

চান্ডিকা হাথুরুসিংহেকে অপসারণ করে গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। অর্জনের খাতা খুব একটা ভালো না হলেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দিচ্ছে বিসিবি।

আগামী ২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে জিম্বাবুয়ে, নামিবিয়া দক্ষিণ আফ্রিকায় হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সে পর্যন্ত সিমন্সের চুক্তি নবায়ন করেছে বিসিবি।

অবশ্য সিমন্সের থেকে যাবার গুঞ্জন আগেই ছিল। সর্বশেষ বিসিবি’র মিটিংয়েই এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তবে বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। অতঃপর আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বিসিবির সাথে নতুন করে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমন্স। দলকে নিয়ে ভবিষ্যতে দারুণ কিছু করার প্রত্যয় জানিয়েছেন এই কোচ। বলেন, ‘আমি খুবই আনন্দিত বাংলাদেশের ক্রিকেটে সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার সুযোগ পেয়ে।’

‘এই দলে যে দুর্দান্ত কিছু প্রতিভা আছে, সেটা স্বীকার করতেই হবে এবং আমি বিশ্বাস করি আমাদের এই প্রতিভা কাজে লাগিয়ে দারুণ কিছু করার সামর্থও আছে। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

তিনি আরো বলেন, ‘দুর্লভ কিছু প্রতিভাবান খেলোয়াড়ের সাথে কাজ করে আমি ইতোমধ্যে দলের মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওদের দক্ষতা এবং খেলার জন্য প্যাশন আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা একসাথে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’