জিম্বাবুয়ের প্রথম ইনিংসে নেয়া লিড ভেঙে নিজেদের পুঁজি গড়তে শুরু করেছে বাংলাদেশ। পেরিয়েছে তিন অংকের ঘর। তবে হারাতে হয়েছে দুই ওপেনারকেই। ফিরেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় দিনের খেলা। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম সেশন। বেলা ১টা থেকে শুরু হয় খেলা। তবে শুরুটা তেমন ভালো হয়নি, ১ উইকেটে ৫৬ রানে খেলা শুরু করা টাইগাররা দ্বিতীয় উইকেট হারায় ৭৩ রানে।
মাহমুদুল হাসান জয় ফেরেন মুজারাবানির শিকার হয়ে ৬৫ বলে ৩৩ রান করে। তাতে ভাঙে মুমিনুল হকের সাথে ৬০ রানের জুটি। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে লিড ভাঙেন মুমিনুল হক।
দু’জনের জুটি ধীরে ধীরে বড় হচ্ছে। দলীয় রান ছুঁয়েছে তিন অংকের ঘর। এই মুহূর্তে সংগ্রহ ২৮ ওভারে ১১৫ রান। পুঁজি দাঁড়িয়েছে ৩৩ রানে। শান্ত ২৮ ও মুমিনুল ব্যাট করছেন ৩১ রানে।
উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম দিনটা ভালো যায়নি। মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলে জিম্বাবুয়ে। তবে গতকাল দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ফেরে লড়াইয়ে।
যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। বিপরীতে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করে ১ উইকেট ৫৭ রান নিয়ে। যদিও এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
এদিকে লিড ভাঙতে নেমে এই ইনিংসেও সুবিধা করতে পারেননি সাদমান ইসলাম (৪)। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আর উইকেট যেতে দেননি। জয় ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন।