মান বাঁচাতে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের তিক্ততা আগেই জুটেছে, এবার সান্ত্বনার জয়ে সিরিজ হারের লজ্জা এড়ানোর তাগিদ শান্তদের। যদিও তা খুব একটা সহজ হবে না।
প্রথম ম্যাচে আত্মসমর্পণের পর আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের সামনে।
চট্টগ্রামের লে. মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু সকাল ১০টায়।
সিরিজের প্রথম ম্যাচে সিলেটে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই হারে খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা। ফলে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচাতে জিততেই হবে শান্ত-মুশফিকদের।
তবে জিতলেও জেতা হবে না সিরিজ। জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় আছে কেবল সমতায় ফেরার সম্ভবনা। আর যদি হেরে যায় বাংলাদেশ বা ড্র করে এই টেস্ট, তবে সিরিজ জিতে যাবে জিম্বাবুয়ে।
এমন কঠিন সমীকরণ মেলানো যদিও খুব একটা সহজ হবে না। যেখানে ব্যাটিং নিয়েই বড় দুশ্চিন্তা। প্রথম ম্যাচে এই ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে টাইগারদের। ওপেনার থেকে লোয়ার অর্ডার, কেউ পারেনি ভালো করতে।
দুই ইনিংসের কোনোটাতেই ছিলো না কোনো সেঞ্চুরি। তিনটা ফিফটি থাকলেও ইনিংস বড় হয়নি কারো। দায়িত্ব নিতে পারেনি কেউ। যেই আক্ষেপ ছিল ম্যাচ শেষে প্রধান কোচের মুখে। দেখার বিষয় এই টেস্টে তা কতটা কাটিয়ে উঠতে পারে।
উদ্বোধনী জুটিতে চলছে রানের খরা। সিলেটে থিতু হয়েও বড় করতে পারেননি তাদের ইনিংস। ফলে এই ম্যাচের স্কোয়াডে ডিপিএলে রান বন্যা বইয়ে দেয়া এনামুল হক বিজয়কে তড়িঘড়ি করে ভিড়িয়েছেন নির্বাচকরা।
তিনি কী করতে পারেন, তা সময়ই বলবে৷ তবে কথা হচ্ছে মুশফিকুর রহিমকে নিয়েও। বেশ খারাপ সময় পার করছেন তিনি। শেষ ১২ ইনিংসে নেই কোনো ফিফটি। এমনকি ৬ বার আউট হয়েছেন দুই অংকের ঘরের আগেই।
এদিকে ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা ছিলেন উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মেহেদী হাসান মিরাজ শিকার করেন ১০ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক বা-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
তরুণ গতি তারকা নাহিদ রানাও ভালো করেছিলেন। যদিও তিনি নেই এই ম্যাচে। পাকিস্তান গিয়েছেন পিএসএল খেলতে। তার বদলে আজ অভিষেক হয়ে যেতে পারে তানজিম সাকিবের।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
মান বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের তিক্ততা আগেই জুটেছে, এবার সান্ত্বনার জয়ে সিরিজ হারের লজ্জা এড়ানোর তাগিদ শান্তদের। যদিও তা খুব একটা সহজ হবে না।