একটা সময় বাংলাদেশ ক্রিকেটে ছিল স্পিনারদের জয়জয়কার। আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিকরা স্পিন বিষে নীল করতেন প্রতিপক্ষকে। এরপর সেই দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব আল হাসান।
সাকিব ছাপিয়ে যান পূর্বসূরীদেরও। তবে সম্প্রতি জাতীয় দলে নেই তিনিও। হালের মেহেদী মিরাজ-নাসুম আহমদরা আলোচনায় আছেন। এবার তাদের উত্তরসূরী খুঁজতে মাঠে নামছে বিসিবি। করবে স্পিনার হান্ট।
সারা দেশ থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান স্পিনার তুলে আনতে ‘স্পিনার হান্ট’ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।
গত বছর দেশের আনাচে-কানাচে থেকে একঝাঁক রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। এবার তার ব্যাপ্তি বাড়িয়ে সব ধরনের স্পিনার খুঁজবেন সাবেক পাকিস্তানি এই লেগ স্পিনার।
শুক্রবার এক গণমাধ্যমকে এই খবর জানিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। জানান গত বছরের মতো এবারও শাহেদ মেহমুদের তত্ত্বাবধানেই হবে স্পিনার হান্ট।
তিনি বলেন, ‘আমরা জুনে স্পিন হান্ট করব। সব ধরনের স্পিনারদের নিয়ে হবে এটি। গত বছর শুধু রিস্ট স্পিনার হান্ট করেছিলাম। তবে এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার বা রহস্য স্পিনার যদি পাওয়া যায়, সব ধরনের স্পিনার মিলিয়েই স্পিন হান্ট হবে।’
তাছাড়া গত বছর লেগ স্পিন হান্ট থেকে বাছাই শেষে ২৫ জনকে নিয়ে গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প।
সেই ক্যাম্পের পর ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে গেম ডেভেলপমেন্ট বিভাগ। কায়সার জানান, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া রিস্ট স্পিনারদের নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে শুরু হবে পরবর্তী কার্যক্রম।
তিনি বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা আবার এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদই পরিচালনা করবেন ক্যাম্প।’