টানা দুই প্রস্তুতি ম্যাচে জয়ের পর বাছাইপর্বের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। শুক্রবার থাই নারীদের ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারায় টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে এসে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে নিগার সুলতানাদের।

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আজ (রোববার) আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। লাহোরে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আইরিশ নারীরা।

তবে রান তাড়ায় খুব একটা ভালো নেই বাংলাদেশ। ১৪ ওভারে ৪২ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। জয়ের জন্য এখনো ১৯৪ রান প্রয়োজন, হাতে আছে ৮ উইকেট। ব্যাট করছেন নিগার সুলতানা ১৯ ও শারমিন ২০ রানে।

অবশ্য শুরুতেই ইশমা তানজিম ১৫ বলে মাত্র ২ ও ফারজানা ফেরেন কোনো রান না করেই। তাতে বিপদে পড়ে বাংলাদেশ। এই মুহূর্তে সেই ধাক্কা সামলে উঠার চেষ্টায় টাইগ্রেসরা।

এর আগে টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেয় সারাহ ফোর্বসের (৪) উইকেট। তবে এরপর অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন অ্যামি হান্টার।

তবে ভয়ংকর হবার আগে এই জুটি ভাঙেন জান্নাতুল। ২৪ রানে ফেরেন লুইস। আর হান্টার ফেরেন রান আউট হয়ে। ৩৮ বলে ৩৩ রান করে। কিন্তু ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডিলানি মিলে এবার গড়েন ৭২ রানের জুটি।

৬৪ বলে ৪১ রান করে দলীয় ১৪৯ আউট হন প্রেন্ডারগাস্ট। ডিলানি আউট হোন ৬৩ রানে। ১৮২ রানে ৫ উইকেট পতনের পর অবশ্য আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। ২৪ রানে অপরাজিত থাকেন ক্যালি।

বল হাতে রাবেয়া খান ৩ ও ফাহমিদা খাতুন নেন ২ উইকেট।