দেশের ক্রিকেট মাঠে লাগছে আধুনিকতার ছোঁয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট মাঠগুলোকে আরো দৃষ্টিনন্দন ও মান উন্নয়নে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিচ্ছে।

মাঠ রক্ষণাবেক্ষণ ও মান উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে অত্যাবশ্যক কিছু যন্ত্রপাতি। রোলার, সুপার সপার, ঘাস কাটার মেশিন ও পিচ কভারসহ এসব দরকারি যন্ত্রপাতি আনা হবে। যাতে মাঠের সৌন্দর্য ও রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা যায়।

দেশের ক্রিকেটে অনেক দিন ধরেই উন্নত মানের যন্ত্রপাতি নেই। তাই মাঠের ঠিকঠাক দেখভাল করা যাচ্ছে না। ফলে মাঠের দেখাশোনা করতে, মাঠ প্রস্তুত রাখতে মাঠকর্মীদের ভোগান্তিতে পড়তে হয়। এসব যন্ত্রপাতি কেনার পরামর্শ দিয়েছিলেন সাবেক বিসিবি কিউরেটর টনি হেমিং। তিনি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করছেন।

মিরপুর ক্রিকেট স্টেডিয়াম ছাড়া দেশের আর কোনো ভেন্যুতে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। মাঠের রক্ষণাবেক্ষণ করতে যন্ত্রপাতি ঠিক না থাকলে কাজ করা কঠিন হয়ে যায়। আধুনিক যন্ত্রপাতি যোগ হলে দেশের ক্রিকেট মাঠে লাগবে আধুনিকতার ছোঁয়া। কাজ করাও অনেকটা সহজ হয়ে উঠবে। তাই বিসিবি এসব বিষয় নিয়ে কাজ করছে।

বিসিবির এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিক পর্যায়ে আমরা কয়েকটা মাঠে নতুন যন্ত্রপাতি দেব। আশা করছি, মাঠের পরিস্থিতিতি আগের চেয়ে অনেক উন্নতি হবে। এটা আমাদের বড় কাজ হবে।’