প্রায় দু’বছর পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন নাসির হোসেন। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার দিনেই মাঠে নামছেন তিনি। খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে আবাহনী নয়, গায়ে জার্সি তুলবেন রূপগঞ্জ টাইগার্সের।

২০২২ সালে আবুধাবি টি-টেন লিগে আইফোন উপহার নিয়ে নিয়ম ভেঙেছিলেন নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, ৭০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেলে তা দুর্নীতি দমন বিভাগকে জানাতে হবে।

তবে নাসির বিষয়টি এড়িয়ে যান। ফলে তার বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ গঠন করে আইসিসির লিগ্যাল ও দুর্নীতি দমন বিভাগ। পরবর্তীতে শাস্তি স্বরূপ তাকে দু’বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়।

তবে সেই মেয়াদ শেষ হচ্ছে আজ। আজ সোমবার (৭ এপ্রিল) থেকে সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত তিনি। এমনকি নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার দিনেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে তাকে।

ডিপিএলে রেলিগেশন জোনে থাকা রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলবেন নাসির। আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় আর চুক্তি সম্পন্ন হয়নি।

এদিকে টাইগার্সের আট ম্যাচে তিন পয়েন্ট। রাউন্ড রবিন লিগের বাকি তিন ম্যাচের দু’টিতে জিতলে রেলিগেশন সেভ হলেও হতে পারে। ফলে নাসিরের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মিরপুরে খেলতে নামবেন নাসির। বাকি দুই ম্যাচ ১০ এপ্রিল ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে আর ১২ তারিখ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে খেলবেন তিনি।

রূপগঞ্জ টাইগার্সকে রেলিগেশন লিগ খেলতে হলে মোট পাঁচটি ম্যাচ খেলা হবে নাসিরের।