বিশ্বকাপের বাছাইপর্বের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের বড় রসদ পেল বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নিতে যেন প্রস্তুত বাঘিনীরা। পাকিস্তানকে হারিয়ে সারলো শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করর ৪৯.৪ ওভারে ২৭৬ রান করে টাইগ্রেসরা।
যা তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তানের মেয়েরা। ফলে বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এর আগে গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারায় তারা।
এদিন ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের ৮.৩ ওভারের মাঝে দলীয় মাত্র ৪৪ রানে ফিরেন ওপেনার ইশমা তানজিম (১৯) ও তিনে নামা শারমীন আক্তার (১০)।
তবে বিপর্যয় সামলে হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ৫০ পূর্ণ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন ফারজানা। আর নিগার সুলতানা জ্যোতি করেন দলীয় সর্বোচ্চ ৭০ রান।
এরপর শেষ দিকে দিলারা ও জান্নাতুল ফেরদৌস মিলে বাংলাদেশের ইনিংসকে টেনে নেন। ২৯ রান করে আউট হোন দিলারা। আর জান্নাতুল ফেরদাউসের ব্যাট থেকে আসে ৩৪ বলে অপরাজিত ৪৬ রান।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার। ২ উইকেট পেয়েছেন তানিয়া সাইদ।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ‘এ’ দলের কেউই ফিফটি ছুঁতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন দুয়া মজিদ। ২৬ রান আসে উম্মে হানির ব্যাট থেকে।
টাইগ্রেসদের হয়ে ৭ রান দিয়ে ২ উইকেট নেন রাবেয়া। ৮ রান দিয়ে মারুফা আক্তার নিয়েছেন ২ উইকেট। আর ফাহিমার ঝুলিতে গেছে ২ উইকেট।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে ছয়টি দল। ১৫ ম্যাচের এই বাছাইপর্ব লাহোরে আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল।
যেখানে ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ, ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।