যে নাহিদ রানাকে নিয়ে আলোচনা গোটা বিশ্বে, সেখানে বাংলাদেশী এই পেসারকে পাত্তাই দিচ্ছে না জিম্বাবুয়ে। যদিও মাঠের খেলায় দেখা হয়নি, তবে মাঠের বাইরে খুব ’সাদাসিধে’ করেই তারা দেখছে নাহিদ রানাকে।

এমনকি শন উইলিয়ামস শুক্রবার (১৮ এপ্রিল) প্রকাশ্যেই কথা বলেছেন নাহিদকে খোঁচা দিয়ে।

তিনি বলেন, ‘দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে।’

যা ভালোভাবে নেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার (১৯ এপ্রিল) ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই খোঁচার জবাবটা দিয়েছেন যুক্তির সাথেই।

টাইগার অধিনায়ক বলেন, ‘কালকে ম্যাচে সে যখন বল করবে, আর তারা ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’

এই সময় শান্ত জানান, দল থেকে নাহিদকে সব সময় জোরে বল করতেই বলা হয়।

তিনি বলেন, ‘তাকে এখন পর্যন্ত একটি বার্তাই দেয়া আছে, ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে। আশা করব কালকে যদি ও খেলে, ১৪০ কিলোমিটারের চেয়ে বেশি জোরে বল করবে।’

এখন পর্যন্ত ছয় টেস্টের ক্যারিয়ারে ২০ উইকেট শিকার করেছেন নাহিদ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এখনো কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি তার। সিলেটে এর আগে একটি ম্যাচই খেলেছেন নাহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে দু’ ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৫ উইকেট।

উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সকাল ১০টায় শুরু হবে খেলা। আর ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে চট্টগ্রামে।