শিরোপার আরো কাছে আবাহনী। সুপার লিগে জয়ের ধারা চলছে তাদের। আজ গাজী গ্রুপকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। জয় পেয়েছে মোহামেডান ও লিজেন্ড অফ রূপগঞ্জও। হারের বৃত্ত ভাঙতে পারেনি অগ্রণী ব্যাংক।

বুধবার সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামে সবগুলো দল। যেখানে এনামুল হক বিজয়ের সেঞ্চুরি উপেক্ষা করে ১০ রানের জয় পায় আবাহনী। মোহামেডানকে ৫ উইকেটের জয় এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আর বিকেএসপিতে সৌম্য ঝড়ে উড়ে যায় অগ্রণী ব্যাংক। ১০৩ রানের জয় পায় লিজেন্ড অফ রূপগঞ্জ। ১১২ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। লিস্ট এ ক্রিকেটে যা তার চতুর্থ দেড় শ’ রানের ইনিংস।

আগের ম্যাচে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি পাওয়া সৌম্য আজ তুলে নেন ৫১তম সেঞ্চুরিটাও। তবে মিরপুরে জেতাতে পারেননি দলকে। তিনি ছাড়া দলের আর কেউ ৪০ রানও করতে পারেননি। বল হাতে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়।

তাতে আবাহনীর দেয়া ২৫০ রানের লক্ষ্যের বিপরীতে ৩ বল বাকি থাকতে ২৩৯ রানেই থামতে হয় গাজী গ্রুপকে। আবাহনীর হয়ে ব্যাট হাতে শাহরিয়ার কমল করেন ৯৬ করেন। ওয়াসি সিদ্দিকী নেন ৪ উইকেট।

মোহামেডান জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। আসরে প্রথমবারের মতো ১৭ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি, করেন ১০৩ বলে ৭১ রান। ৮৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। ৪৬.৪ ওভারে পেরিয়ে যায় ২২৫ রানের লক্ষ্য।

এর আগে সাইফুদ্দিন (৩), আবু হায়দার রনি (২), নাসুম আহমেদ (২) ও নাবিল আহমেদের (২) বোলিং তোপে মাত্র ২২৪ রানে থামে গুলশান ক্রিকেট ক্লাব। দলের হয়ে ৭১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন শাকিল।

অন্যদিকে সৌম্য সরকারের দেড় শ', তানজিদ তামিমের ৪৩ ও আফিফ হোসেনের অপরাজিত ৪৯ রানে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৩ উইকেটে ৩৩৩ রান তুলে লিজেন্ড অফ রূপগঞ্জ। জবাবে ২৩০ রানে থামে অগ্রনীর ইনিংস। সাইফ হাসান নেন ৩ উইকেট।