মাঠে নেমেছে বাংলাদেশ। প্রায় চার বছর পর টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ রোববার সিলেটে খেলছে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে চলতি বছর সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্তরা।

চোট শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছে তিন পেসার- নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দলে থাকলেও অভিষেক হয়নি তানজিম সাকিবের।

টেস্টে দু’দলের এর আগের ১৮ সাক্ষাতে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র। সিলেটে জয়ের সংখ্যা নিশ্চয়ই আরো বাড়িয়ে নিতে চাইবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ

বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিআওচি।