সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই। তবে সুযোগ ছিল স্বস্তির একটা জয়ে সিরিজ শেষ করার। সেই সুযোগও হেলায় হাতছাড়া করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ম্যাচটাও হেরে গেছে তারা।

সিরিজের তৃতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় বাদে বাকি ম্যাচগুলোতে পাত্তাই পায়নি পাকিস্তান।

বুধবার (২৬ মার্চ) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেট ও ৬০ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকেরা।

ওয়েলিংটনে টস হেরে আগে ব্যাট কর‍তে নেমে জিমি নিশামের তোপে মাত্র ১২৮ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জবাব দিতে নেমে টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় কিউইরা।

রান তাড়ায় নিউজিল্যান্ডের আক্ষেপ হতে পারে একটাই, সেইফার্টের সেঞ্চুরি না পাওয়া। ৬ চার ও ১০ ছক্কায় ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন কিউই ওপেনার। তাছাড়া ১২ বলে ২৭ রান করেন ফিন অ্যালেন।

তবে সাইফোর্ট নয়, কিউইদের ম্যাচ সেরা ক্রিকেটার জিমি নিশাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছেন। মাত্র ২২ রানে নেন ৫ উইকেট। তাছাড়া জ্যাকব ডাফি নেন ২ উইকেট।

অবশ্য প্রথম থেকেই চাপে ছিল পাকিস্তান। প্রথম ১০.২ ওভারে মাত্র ৫২ রানে ৫ উইকেট হারায় দলটি। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক আগা সালমান ও শাদাব খান মিলে গড়েন ৫৪ রানের জুটি। তাতে এক শ’ পেরোয় পাকিস্তান।

অধিনায়ক সালমান ৩৯ বলে করেছেন সর্বোচ্চ ৫১ রান। শাদাব করেন ২০ বলে ২৮। এছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। হারিস (১১) ছাড়া কেউ পারেননি দু’ অঙ্কের ঘরে যেতেও।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিলো নিউজিল্যান্ড।