আগামী দু’বছরের জন্য নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল। তিনি মন্টি দেসাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

এ বছরের ফেব্রুয়ারিতে মন্টির সাথে নেপালের দু’বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

৫৬ বছর বয়সী স্টুয়ার্টের কোচিংয়ে বিস্তর অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ দলের কোচ হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে তিন বছরের চুক্তি থাকলেও সাত মাসের মধ্যে তাকে পদ ছাড়তে হয়েছে। এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের স্থায়ী কোচ ও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেও কোচ ছিলেন তিনি। ২০১২ সালে তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। অস্ট্রেলিয়াতেও স্টুয়ার্টকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব।

অস্ট্রেলিয়ার হয়ে স্টুয়ার্ট ল ৫৪টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

মন্টি দেসাইয়ের অধীনে নেপাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে পরাজিত হয় নেপাল। বিশ্বকাপে তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি নেপাল। ২০২৩ সালের বিশ্বকাপের আগে নেপাল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পায়। কিন্তু সেখানেও কোনো ম্যাচ না জিতে বাড়ি ফিরতে হয়েছিল।

বিশ্বকাপ লিগ-২ সূচির অংশ হিসেবে জুনে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে নেপাল। এই সিরিজের তৃতীয় দল হলো নেদারল্যান্ডস। বিশ্বকাপের লিগ-২ টেবিলে এই মুহূর্তে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। এটাই স্টুয়ার্টের নেপালের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট।

সূত্র : বাসস