বুধবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই দলের খেলোয়াড়েরা। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ম্যাচ অফিশিয়ালদের নামও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২৭ মে) অফিসিয়ালদের নামের তালিকাটি প্রকাশ করা হয়। তালিকায় দেখা গেছে- ম্যাচ রেফারি লঙ্কান হলেও আম্পায়ার চারজনই পাকিস্তানের।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন অভিজ্ঞ রঞ্জন মাধুগালে। শ্রীলঙ্কান এই রেফারি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৮ শ’র বেশি ম্যাচ পরিচালনা করেছেন।

আর আম্পায়ার হিসেবে থাকছেন পাকিস্তানের আহসান রাজা, আসিফ ইয়াকুব, ফয়সাল খান আফ্রিদি ও রশিদ রিয়াজ। তিনটি ম্যাচেই ভাগাভাগি করে দায়িত্বে থাকবেন তারা।

প্রথম টি-টোয়েন্টির অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার থাকবেন ফয়সাল খান আফ্রিদি।

দ্বিতীয় টি-টোয়েন্টির অন-ফিল্ড আম্পায়ার রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব।

তৃতীয় টি-টোয়েন্টিতে আহসান রাজা ও আসিফ ইয়াকুব অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ফয়সাল খান আফ্রিদি থাকবেন তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন রশিদ রিয়াজ।