লম্বা ঈদের ছুটি শেষে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হচ্ছে। আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ছুটি শেষে নবম রাউন্ডের খেলা দিয়েই মাঠে ফিরবে দলগুলো।

নবম রাউন্ডে মোহামেডানের জন্য বড় পরিবর্তন অপেক্ষা করছে। দলের অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হওয়ায় প্রায় ছিটকে গেছেন আসর থেকে। তাই নতুন অধিনায়ক নিয়ে চলছে নানান আলোচনা।

শুক্রবার (৪ এপ্রিল) মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘শনিবার অনুশীলন শুরু হবে। এরপর জানা যাবে নতুন অধিনায়কের দায়িত্ব কে নিচ্ছেন। তবে তাওহিদ হৃদয়ের জন্য সুযোগ রয়েছে। তামিম যখন বাইরে ছিলেন, তখন ভালোভাবে দলের দায়িত্ব নিয়েছে তাওহিদ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট ও ক্লাব কর্তৃপক্ষ নেবে।’

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কারণে মেহেদি হাসান মিরাজের মোহামেডানের হয়ে অধিনায়কত্ব পাওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে দলটির নেতৃত্ব পেতে পারেন তাওহিদ হৃদয়।