চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে তার আগে আরব আমিরাতে দেবে যাত্রা বিরতি। তবে নিছকই কোনো বিশ্রাম নয়, স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
আরব আমিরাতের বিপক্ষে খেলার গুঞ্জন আগেই ছিল। তবে এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জিম্বাবুয়ে সিরিজ শেষে ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। তবে দুই সিরিজের মাঝে প্রায় তিন সপ্তাহের ব্যবধান।
এমতাবস্থায় ফাঁকা সময়টা কাজে লাগাতে পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় রাত ৯টায়।
বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সাথে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’
আর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেয়ার সুযোগকে আমরা অগ্রাধিকার দেই।’
তিনি বলেন, ‘ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। আমরা আত্মবিশ্বাসী, এই ম্যাচ দু’টি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরো মজবুত করবে এবং সমর্থকদের দারুণ বিনোদন দেবে।’
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে সবগুলোতেই।