প্রথম দিনে উইকেট পড়লো ১৪টি, দ্বিতীয় দিনে ১০টি। বোলারদের এমন দাপটে দুই দিনেই জমে উঠেছে বার্বাডোজ টেস্ট। কেউ ছেড়ে কথা বলছে না কাউকে। স্বল্প রানের থ্রিলার ম্যাচ দেখতে যাচ্ছে বিশ্ব।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৮০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ১৯০ রানে। অস্ট্রেলিয়া পরে ৩৩ ওভার খেলে বৃহস্পতিবার (২৬ জুন) দিন শেষ করে ৪ উইকেটে ৯২ রান নিয়ে। অজিরা এগিয়ে আছে ৮২ রানে।

কেনসিংটন ওভালে ৪ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রানে অপরাজিত থাকা ব্র্যান্ডন কিং বিদায় নেন আর ৩ রান যোগ করেই। ৭৩ রানে ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা।

এরপর অধিনায়ক রোস্টন চেইস ও সাড়ে তিন বছর পর টেস্টে ফেরা শাইহোপ মিলে যোগ করেন ৬৭ রান। তাতেই ক্যারিবীয়রা লড়াইয়ে ফিরে। তবে চেজ ১০৮ বলে ৪৪ করে আউট হতেই বদলে যায় সব।

জাস্টিন গ্রিভস (৪) ফেরার পর হোপও টেকেননি বেশিক্ষণ। ৯১ বলে ৪৮ করে আউট হোন তিনি। এরপর আলজারি জোসেফের ২০ বলে অপরাজিত ২৩ রান লিড এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৮০ রানের বিপরীতে ১৯০ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। তাতে ১০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। অজিদের হয়ে ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক।

১০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অজিরা। টপ অর্ডারের কেউই বড় স্কোর করতে পারেননি। উসমান খাজা ও ক্যামেরন গ্রীন করেন ১৫ রান।

ক্যারিবীয় পেসারদের দাপটে ৬৫ রানের ৪ উইকেট হারায় অজিরা। অবশ্য দিনের শেষভাগটা দেখেশুনে কাটিয়ে দিয়েছেন ট্রাভিস হেড ও বেউ ওয়েবস্টার। হেড ১৩ ও ওয়েবস্টার ১৯ রানে অপরাজিত আছেন।