সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যার কিছু সময় পর কেপিজে হাসপাতাল থেকে তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয়।

ঢাকায় আসার পর রাতে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তামিমের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন...উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সাথেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেয়া হবে কি না, জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখনো ডাক্তারদের সাথে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’

এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় কেপিজে হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ আবু জাফর।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে প্রসঙ্গে আবু জাফর গণমাধ্যমকে বলেন, ‘তামিম ইকবাল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় দিতে হবে। বাসায় গিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে বিশ্রামে থাকতে হবে।’