পাকিস্তান সুপার লিগে রাতটা প্রত্যাশার মতো যায়নি রিশাদ হোসেনের। জোড়া উইকেট পেলেও রান দিয়েছেন বেশ। ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। তার এমন সাধাসিধে দিনে হেরে গেছে দল লাহোর কালান্দার্সও।
পিএসএলে নিজের প্রথম দুই ম্যাচে আঁটসাঁট বোলিং করলেও এবার ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছেন রিশাদ। মঙ্গলবার মুলতান সুলতান্সের বিপক্ষে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই বাংলাদেশী।
তবুও রিশাদই দলের সেরা বোলার। এদিন খরুচে বোলিং করেন লাহোরের প্রায় সবাই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৪৩ রানে ১ উইকেট পেলেও হারিস রউফ ৩ ওভারেই ৫৪ রান দেন কোনো উইকেট ছাড়াই।
সুবাদে আগে ব্যাট করে মুলতান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ২২৮ রান। পিএসএলে এই মাঠে সর্বোচ্চ স্কোর এটিই। ৪৪ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার ইয়াসির খান।
বল হাতে প্রথম ওভারে ১০, দ্বিতীয় ওভারে ১২ রান দেন রিশাদ। উইকেট ধরা দেয় তৃতীয় ওভারে এসে, এবার ৭ রান দিয়ে উসমান খানকে ফেরান তিনি। চতুর্থ ওভারে আবার খরুচে রিশাদ, এবার ১৬ রান দিয়ে নেন টার্নারের উইকেট।
কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানেই লাহোর হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। এরপর এদিন হঠাৎ ছয়ে দেখা মেলে রিশাদের। তবে ভরসা হয়ে উঠতে পারেননি তিনি, ফেরেন ২ বলে মাত্র ২ করে।
শেষ পর্যন্ত সিকান্দার রাজার ফিফটিতে ৯ উইকেটে ১৯৫ রান পর্যন্ত পৌঁছায় লাহোর। হেরে যায় ৩৩ রানে।
জোড়া উইকেট রিশাদের, হেরে গেল লাহোর
পাকিস্তান সুপার লিগে রাতটা প্রত্যাশার মতো যায়নি রিশাদ হোসেনের