যেদিকে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তিন দিনেই হয়ে যেতে পারে শিরোপার নিষ্পত্তি। যদিও এখনো দোদুল্যমান ম্যাচের ভাগ্য, হতে পারে যেকোনো কিছুই। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি কেউ।
লর্ডসে রানের জন্য রীতিমতো হাপিত্যেশ করছেন ব্যাটাররা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও হয়েছে ১৪ উইকেটের পতন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের পর ৮ উইকেটে ১৪৪ রান তুলে দিন শেষ করেছে অজিরা।
বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে আগে ব্যাট করে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার রাবাদা একাই নেন ৫ উইকেট। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারাও।
প্রথম দিন শেষ হবার আগে মাত্র ৩০ রানেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলে ৪ উইকেট। ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা থামে মাত্র ১৩৮ রানে। ২৮ রান দিয়ে একাই ৬ উইকেট নেন প্যাট কামিন্স।
দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য দক্ষিণ আফ্রিকা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহাম মিলে এইদিন এনে দেন আরো ৫১ রান। তবে দলীয় ৯৪ রানে ভাঙে জুটি।
জুটি ভাঙেন কামিন্স। ৮৪ বলে ৩৬ রান করে বিদায় নেন প্রোটিয়া অধিনায়ক। এরপর কাইল ভেরেন্নে (১৩) ও ইয়ানসেনকেও (০) থিতু হতে দেননি অজি অধিনায়। যদিও একপ্রান্ত আগলে রাখেন বেডিংহ্যাম
তবে তাকেও ফিরতে হয় কামিন্স তান্ডবে, দলীয় ১৩৫ রানে। ১১১ বলে ৪৫ রান করে আউট হোন তিনি। বাকি ২ উইকেট পড়ে মাত্র ৩ রানে। ২ উইকেট নেন মিচেল মার্শ। ৭৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
মাত্র ২১২ রানের পুঁজিতে আবার ৭৪ রানের লিড পেয়ে ম্যাচে অনেকটাই এগিয়ে যায় অজিরা। তবে দ্বিতীয় ইনিংসে তাদের জন্য অপেক্ষা করছিলো আরো বড় বিপদ। এবার মাত্র ৭৩ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট।
কাগিজো রাবাদা আর লুঙ্গি এনগিডি মিলে চেপে ধরেন অজিদের। সেই চাপে হাঁসফাঁস করেন অজি ব্যাটাররা। মার্নাস লাবুশেনের ৬৪ বলে ২২ ও স্টিভেন স্মিথের ১৩ ছাড়া আর কেউ পারেননি দুই অংকের ঘরে যেতে।
এরপর শঙ্কা জাগে ১০০ এর আগেই গুটিয়ে যাবার। কেননা প্রথম ইনিংসে অজিদের শেষ পাঁচ উইকেটে পড়েছিল মাত্র ২০ রানে। তবে এবার তা হয়নি, হতে দেননি অ্যালেক্স ক্যারি। শুরু করেন পাল্টা আক্রমণ।
অষ্টম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে ৬১ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি। তাতে মান বাঁচে অজিদের। যদিও শেষ বেলায় এসে থামতে হয়েছে তাকে, ৫০ বলে ৪৩ করে রাবাদার শিকার হোন তিনি।
তবে ৪৭ বলে ১৬ রান নিয়ে অপরাজিত আছেন স্টার্ক। দেখার বিষয় ইনিংসটা কতদূর টানতে পারেন তিনি। ২১৮ রানের এই লিড টেনে নিতে পারেন কতটা। এদিকে বল হাতে সমান তিনটি করে উইকেট নেন রাবাদা ও এনগিডি।