নিজ দেশের ক্রিকেটারদের বিদায় বেলা স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করে থাকে ক্রিকেট বোর্ড। বিদায়ী সম্মাননার সাথে দেয়া হয় সংবর্ধনাও। তবে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতীয় ক্রিকেটের দুই জ্বলজ্বলে কিংবদন্তি- বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সম্মান জানাতে ঘরের মাঠেই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে চায় অজিরা।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একদম সায়াহ্নে অবস্থান করছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইতোমধ্যে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছেন তারা। বিদায় বলে দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন দুজনেই। কিছুদিন আগে আইপিএল চলাকালীন সময়ে প্রায় একইসাথে অবসর নেন টেস্ট ফরম্যাট থেকেও। এখন কেবল ওয়ানডে খেলছেন তারা।

তবে সেটা আর কতদিন খেলবেন তাও নিশ্চিত নয়। ২০২৭ বিশ্বকাপ নাগাদ দেখা যাবে কিনা তাদের তা সময়ই বলে দেবে। তবে এই দুই কিংবদন্তিকে আগেভাগেই বিদায়ী সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে অজিরা।

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে দলে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলির শেষ সিরিজ হতে পারে এটিই। তাই এই সিরিজকে ঘিরে বিশেষ সম্মাননার আয়োজন রাখতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ তেমনি ইঙ্গিত দিয়ে জানান, অস্ট্রেলিয়ায় ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়াতে বিশেষ কিছু পরিকল্পনা নেয়া হচ্ছে। এর মাঝে একটি হতে পারে কোহলি-রোহিতের বিদায় অনুষ্ঠান।

তিনি বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি।’

তবে বিষয়টা যে এখনো আলোচনার পর্যায়ে, তাও জানিয়েছেন তিনি। বলেন, ‘এটা এখনো নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

তিনি আরো বলেন ‘প্রায় দুই দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’