দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরেছেন নাইম শেখ, নুরুল হাসান সোহানও। তবে জাতীয় দল নয়, তারা ফিরেছেন এ দলে। যেখানে আছেন জাতীয় দলের অনেকেই।
আগামী ১ মে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। তাদের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে স্বাগতিকেরা।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার (২৬ এপ্রিল) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে পুরো সিরিজ নয়, প্রথম দুই ওয়ানডের জন্য কেবল দল প্রকাশ করেছে বিসিবি। যেখানে আছেন জাতীয় দলে থাকা অনেকেই। আছেন মোস্তাফিজুর রহমানও।
চোট কাটিয়ে ফিরে আসার অপেক্ষায় থাকা পেসার ইবাদত হোসেনেরও জায়গা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে। আছেন ডিপিএলে দারুণ খেলা এনামুল হক বিজয়, পারভেজ ইমনরাও।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৫ মে। পরের দুই ওয়ানডে ৭ ও ১০ মে। চার দিনের ম্যাচগুলোর অনুষ্ঠিত হবে ১৪-১৭ ও ২১-২৪ মে।
ওয়ানডে সিরিজের সাথে প্রথম চার দিনের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর শেষ চার দিনের ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশ এ দল:
পারভেজ ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, মহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা