আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত শার্মা, বিরাট কোহলি ও রাভিন্দ্র জাদেজার কেন্দ্রীয় চুক্তিতে তার প্রভাব পড়েনি। শীর্ষ ক্যাটাগরিতেই জায়গা পেয়েছেন তারা তিনজন। সাথে আছে জাসপ্রিত বুমরাহও।

২০২৪-২৫ মৌসুমের জন্য আজ (সোমবার) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মেয়াদ ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে চুক্তিতে মোট ৩০ জন ক্রিকেটার রাখা হলেও এবার বেড়েছে সেই সংখ্যা। চার ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩৪ ক্রিকেটারকে। তবে ক্যাটাগরির পারিশ্রমিক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।

তবে ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি। এছাড়া ‘এ’ ক্যাটাগরি ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরি ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১ কোটি রুপি করে।

ঘরোয়া ক্রিকেট না খেলায় গত বছরের চুক্তিতে জায়গা না পাওয়া শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান এবার ফিরেছেন চুক্তিতে।’ আর ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রিশাভ পান্ত।

গতবার চুক্তিতে না থাকাদের মধ্যে এবার জায়গা পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, আভিশেক শার্মা, সারফারাজ খান, আকাশ দিপ, ভারুন চক্রবর্তি ও হার্শিত রানা। তাদের সবার ঠিকানা ‘সি’ ক্যাটাগরি।

কিন্তু চুক্তি থেকে এবার বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, কেএস ভারত, আভেশ খান ও জিতেশ শার্মা।

ভারতীয় বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা-

এ প্লাস : রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রাভিন্দ্র জাদেজা।

এ : মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও রিশাভ পান্ত।

বি : সূর্যকুমার যাদব, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার।

সি : রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, রাজাত পাতিদার, ধ্রুব জুরেল, সারফারাজ খান, নিতিশ কুমার রেড্ডি, ইশান কিষান, আভিশেক শার্মা, আকাশ দীপ, বরুন চক্রবর্তী ও হার্শিত রানা।