মেহেদী মিরাজের তোপে ইনিংসটা বেশিদূর টানতে পারলো না জিম্বাবুয়ে। আটকে গেছে তিন শ'র আগেই। তবে কাজের কাজ করে নিয়েছে সফরকারীরা, লিড নিয়ে নিয়েছে ৮২ রানের।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লাক্কাতুরায় টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি, গুটিয়ে যায় ১৯১ রানে। জবাব দিতে নেমে ৮০.২ ওভারে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে।

শুরুটা করেছিলেন নাহিদ রানা আর শেষটা রাঙালেন মেহেদী মিরাজ। তাদের যুগলবন্দীতে ভালো শুরুর পরও ভয়ের কারণ হতে পারেনি জিম্বাবুয়ে। মিরাজ ৫ ও নাহিদ রানা শিকার করেছেন ৩ উইকেট।

বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। তাদের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ২ রান যোগ করতেই হারায় প্রথম উইকেট, ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ।

নাহিদের হাত ধরে দ্বিতীয় উইকেট আসে ২১তম ওভারের শেষ বলে। দলীয় ৮৮ রানের মাথায় ব্রায়ান ব্যানেটকে ফেরান তিনি। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি। ৩ বল পর ফের উদযাপনের উপলক্ষ আসে। এবার উইকেট পান হাসান মাহমুদ।

নিক ওয়েলচেকে ২ রানেই থামান তিনি। তাতে দিনের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। তবে শন উইলিয়ামস হয়ে উঠেন গলার কাঁটা। ক্রেইগ আরভিনকে নিয়ে ৪১ ও ওয়েসলি মাধেভেরেকে নিয়ে যোগ করেন ৪৮ রান।

আরভিন ৮ ও মাধেভেরে ফেরেন ২৪ রানে। উইলিয়ামস ফেরেন ফিফটি পূরণ করে মেহেদী মিরাজের প্রথম শিকার হয়ে। ৫৯ রান আসে তার ব্যাটে। তবে ততক্ষণে বাংলাদেশের ১৯১ রানের সংগ্রহ পেরিয়ে যায় জিম্বাবুয়ে।

এরপর উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর ৩৫ ও রিচার্ড এনগারাবার অপরাজিত ২৮ রানে আড়াই শ’ পেরোয় জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি করেন ১৭ রান। শেষ ৫ উইকেটের সবগুলো নেন মিরাজ।