জমে উঠেছে সিলেট টেস্ট। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হয়নি, ম্যাচে আছে জিম্বাবুয়েও। তবে খানিকটা সুবিধাজনক স্থানে আছে টাইগাররা৷ তবে রাঙাতে হবে আজকের দিনটা।
৪ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। খানিকটা স্বস্তিতে থাকলেও এখনই তৃপ্ত হওয়ার সুযোগ নেই, প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকায় কার্যত টাইগারদের আসল পুঁজি মাত্র ১১২ রান।
বাংলাদেশের অবস্থান আরো ভালো হতে পারতো, যদি না বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে (মঙ্গলবার) মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে না হারাতে হতো। তাদের হারিয়ে এখন খানিকটা হলেও চাপে টাইগাররা।
তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি মিলে চেষ্টা করছেন হাল ধরার এবং ইনিংস বড় করার। তবে তার জন্য গড়তে হবে বড় জুটি। শান্ত ৬০ ও জাকের ২১ রানে নিয়ে আজকের দিন শুরু করবেন।
এদিকে চতুর্থ দিনের করণীয় সম্পর্কে মুমিনুল হক বললেন, 'নিশ্চিন্তে লড়াই করতে আরো অন্তত ১৬০ থেকে ১৯০ রান দরকার তাদের। ৩০০ রান হলে অনেক ভালো হবে। ভালো অবস্থানে চলে যাব আমরা।’
‘সকালে খেলাটা হয়তো অনেক কঠিন হয়ে আসবে। ওই সময়টায় খুব হিসেবী ব্যাটিং করতে হবে। লম্বা সময় মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। জুটিকে দেড় শ' বা দুই শ' রানে নিতে পারলে ৩০০ এর কাছাকাছি লক্ষ্য দেয়া সম্ভব।’
শান্ত-জাকেরের ওপর আত্নবিশ্বাসী তিনি। সংবাদ সম্মেলনে এসে ভরসা রাখলেন টেইলএন্ডারদের উপরও। বলেন, ‘যারা ব্যাটিং করছে, তারপর মিরাজ আছে, তাইজুল -হাসান ওরাও ব্যাট করতে পারে। এজন্য আত্মবিশ্বাস একটু বেশি।’
এদিকে চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। সাধারণত সকাল ১০টা থেকে খেলা শুরু হলেও আজ খেলা হবে ৯:৪৫ মিনিট থেকে। মূলত বৃষ্টিতে তৃতীয় দিন অর্ধেকের বেশি ওভার ভেসে যাওয়ায় এই সিদ্ধান্ত।
তবে আজ চতুর্থ দিনেও আছে বৃষ্টি শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও বাগড়া দিতে বৃষ্টি।
চতুর্থ দিনে বড় পুঁজিতে লক্ষ্য বাংলাদেশের
আজ চতুর্থ দিনেও আছে বৃষ্টি শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও বাগড়া দিতে বৃষ্টি।