পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে সংক্ষিপ্ত ভার্সনে মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত, পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মাহেদি হাসান।
বাংলাদেশের অষ্টম ব্যাটার হিসেবে ১ হাজার রানের জন্য ১৩ রান দরকার শান্তর। ৫০ ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৯৮৭ রান আছে তার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ সিরিজে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান শান্ত। শারজাহর ওই ম্যাচে ১৯ বলে ২৭ রান করেছিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশের হয়ে ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ১ হাজার বা তার বেশি রান করেছেন সাকিব আল হাসান (২৫৫১), মাহমুদুল্লাহ রিয়াদ (২৪৪৪), লিটন দাস (২০৮৫), তামিম ইকবাল (১৭০১), মুশফিকুর রহিম (১৫০০), সৌম্য সরকার (১৪৬২) এবং আফিফ হোসেন (১১১৭)।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শরিফুল ৪৪ ম্যাচে ৪৯ ও মাহেদি ৫৬ ম্যাচে ৪৮ উইকেট শিকার করেছেন। ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে শরিফুলের ১টি ও মাহেদির ২ উইকেট প্রয়োজন। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে তিনজন বোলার টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান (১৪৯), মুস্তাফিজুর রহমান (১৪৯) এবং তাসকিন আহমেদ (৮২)।
আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ সিরিজে সমান দুই ম্যাচ খেলে শরিফুল ৩ এবং মাহেদি ২ উইকেট শিকার করেন।