জাতীয় দলের খেলা নেই, ফলে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে চোখে পড়েনি মোস্তাফিজুর রহমানকে। চোটের কারণে তার খেলা হয়নি লিগ পর্বে।

গত রোববার শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় গ্রুপপর্বের সব ম্যাচই খেলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ বুধবার থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্ব।

এই পর্বে খেলতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে নামবেন তিনি। গায়ে চাপাবেন শিরোপার দৌড়ে থাকা মোহামেডানের জার্সি।

দলীয় সূত্রে জানা গেছে, ডিপিএলের সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ। বুধবার ক্লাবটির সাথে তার চুক্তি হবে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।

কাঁধের ইনজুরির কারণে লিগ পর্বে মাঠের বাইরে ছিলেন টাইগার এই বাঁহাতি পেসার। তবে বর্তমানে মোস্তাফিজ পুরোপুরি ফিট আছেন। গেল কয়েকদিন শের-ই-বাংলায় অনুশীলন চালিয়ে যেতে দেখা গেছে তাকে।