ব্যাটিং-বোলিং যেমন তেমন, ফিল্ডিংয়ে বাংলাদেশের দৈন্যদশা বরাবরই চোখে পড়ার মতো। মাঝে মধ্যে বেশ চমক দেখালেও ধারাবাহিক ভালো করতে পারেনি কখনো। সেই আক্ষেপ ঘোচাতে নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বাংলাদেশ। জাতীয় দলের নতুন সদস্য জেমস পামেন্ট। সোমবার ইংলিশ বংশোদ্ভূত এও কিউই কোচের নিয়োগের খবর জানিয়েছে বিসিবি।

আড়াই বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন তিনি। ৫৬ বছর বয়সী এই কোচ টাইগারদের সাথে কাজ করবেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে সবশেষ কাজ করেছেন শেন ম্যাকডারমট। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে কয়েক সিরিজে দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস।

গত ডিসেম্বরে পোথাস হঠাৎ পদত্যাগ করলে এই পদে দেখা দেয় শূন্যতা। এমতাবস্থায় নতুন কোচের খোঁজে ছিল বিসিবি। অবশেষে সেই খালি জায়গা দখলে নিলেন পামেন্ট।

পামেন্ট সর্বশেষ কাজ করেছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে। ২০১৮ সাল থেকে টানা সাত বছর ফ্র্যাঞ্চাইজিটির ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন তিনি।

তাছাড়া নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন তিনি। কাজ করেছেন কিউইদের ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশাল টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে।

এছাড়া ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব–১৯ দলের সাথেও কাজ করেছেন। কিছুদিনের জন্য অন্তর্বর্তী প্রধান কোচ ছিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলেরও।

পামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও পরবর্তীতে নিউজিল্যান্ডে স্থায়ী হন। খেলোয়াড় জীবনে অকল্যান্ডের হয়ে খেলেন তিনি। ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট 'এ' ম্যাচে সীমাবদ্ধ তার ক্রিকেট ক্যারিয়ার।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে সিলেটে শনিবার শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। সেখানেই জাতীয় দলের সাথে থাকবেন পামেন্ট।