রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গত ২৮ মার্চ বাসায় ফেরেন ক্রিকেট তারকা তামিম ইকবাল। গেল শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়ে যান।

বিসিবির এক চিকিৎসক ওই সময় বলেছিলেন, এখন সব দিক থেকেই তিনি আগের চেয়ে ভালো আছেন। তাই চিকিৎসকদের পরামর্শে বাড়িতে যাচ্ছেন।

এখন নিজের বাড়িতে অবস্থান করছেন তামিম ইকবাল। শারীরিক অবস্থাও আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন তামিমের চাচা আকরাম খান।

তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেয়ার পরিকল্পনাও আছে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, তামিমকে এখন পুরোপুরি বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে আছেন এই ক্রিকেট তারকা।

তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার জন্য এখনো শরীর ফিট না। লম্বা ভ্রমণের জন্য আরো শারীরিক উন্নতি প্রয়োজন। এ বিষয়টি বিবেচনা করে পরিবার সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় মাঠে দু’বার স্ট্রোক করে তামিম। এ সময় তাকে সাভারের এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুদিন ঢাকায় এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তামিম।