নয়া দিগন্ত অনলাইন
ব্যস্ত মৌসুম অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে। বেড়েই চলেছে ম্যাচের সংখ্যা। দম ফেলার যেন ফুসরত নেই টাইগারদের। এফটিপির বাইরে গিয়েও যোগ হচ্ছে সিরিজ। যেখানে নতুন নাম আফগানিস্তান।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের বোর্ড। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনেকটাই চূড়ান্ত।
সম্ভাব্য তারিখ ২ থেকে ১২ অক্টোবর গড়াবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটি জানিয়েছে।
আফগানিস্তানের সাথে বাংলাদেশের সর্বশেষ দেখা হয় গত বছরের নভেম্বরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দুই দল। এছাড়া গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দলটির। তবে ওয়ার্কলোডের কারণে বিসিবি সেই সিরিজ স্থগিত করে।
আফগানদের বিপক্ষে স্থগিত সেই দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর তা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। ২০২৭ ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে টেস্ট সিরিজটি।
তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় বাড়তি প্রস্তুতি সারতে নির্ধারিত সূচির বাহিরে গিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মত হয়েছে দুই দল।
এই ব্যাপারে ক্রিকবাজের সাথে আলাপকালে বিসিবির দায়িত্বশীল বলেন, ‘আমরা ইতোমধ্যে আফগানিস্তান বোর্ডের সাথে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। এ নিয়ে রমজানের পরে আরো আলোচনা করব।’
তারা বলেন, ‘আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’
অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি দেখেন তাহলে আপনি তথ্য পাবেন অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’