টানা তিন জয়ে উড়ছিল বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) শেষ ম্যাচে কেবল ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই নিশ্চিত হতো বিশ্বকাপ। তবে এখনো সুযোগ আছে, তবে আছে সমীকরণের মারপ্যাঁচও।
চলছে নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব। ৬ দলের এই টুর্নামেন্ট থেকে ২ দল খেলবে মূল পর্বে। যেখানে চার ম্যাচে টানা ৪ জয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। বাকি থাকা শেষ শূন্যস্থান পূরণে লড়াই করছে চার দল।
বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে টানা তিন জয়ে অবশ্য এগিয়ে ছিলো টাইগ্রেসরাই। জয় পায় থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। তবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায় তারা।
যদিও বেশ ভালোই সুযোগ রয়েছে এখনো, শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যেকোনো ব্যবধানে জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপ। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও এগিয়ে যাবে বাংলাদেশ।
হেরে গেলেও সমস্যা নেই, যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে হারে ও স্কটল্যান্ড হেরে যায় আয়ারল্যান্ডের সাথে, তবুও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কেননা টাইগ্রেসদের পয়েন্ট ৬ হলেও, তাদের পয়েন্ট ৪।
তবে শেষ ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড স্ব-স্ব ম্যাচে জয় পেলে, তখন চলে আসবে রান রেটের মারপ্যাঁচ। রানরেটে এগিয়ে থাকা দলটাই খেলবে বিশ্বকাপে।
অবশ্য এখানেও এগিয়ে বাংলাদেশ। + ১.০৩৩ রান রেট টাইগ্রেসদের। অন্যদিকে স্কটল্যান্ডের রান রেট +০.১৬৩। আর সবার পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮৩। এখন অস্বাভাবিক কিছু না ঘটলেই হয়।