ভারতে পা রেখেই দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের জন্য আজকের ম্যাচটা বাঁচা-মরার। জয়-পরাজয়ের ওপর অনেকটা নির্ভর করছে তাদের প্লে-অফে ওঠা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে দিল্লি। এই ম্যাচে জিতলেই চারে উঠে যাবে তারা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মোস্তাফিজকে একাদশে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তাকে নিয়েই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাটের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করছে দিল্লি।

এবারের আইপিএলের মেগা নিলাম থেকে কোনো দল পাননি মোস্তাফিজ। তবে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে কপাল খুলেছে তার। যুদ্ধের কারণে দেশে ফিরে গেছেন দিল্লির কয়েকজন বিদেশি খেলোয়াড়। তাদের বদলি হিসেবেই দলটিতে ডাক পান মোস্তাফিজ।

আইপিএলে ডাক পেলেও এনওসি নিয়ে বেশ ভালোই ধকল পোহাতে হয় মোস্তাফিজকে। তবে সবশেষে আরব আমিরাত সিরিজ থেকে ছুটি দিয়ে তাকে আইপিএলে পাঠায় বিসিবি।

গ্রুপ পর্বে দিল্লির ৩ ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন টাইগার পেসার। অনুমতি পেয়েই শারজাহ থেকে দিল্লির বিমান ধরেন তিনি। আজ নেমে গেছেন মাঠেও। দুই বছর পর দিল্লির জার্সিতে খেলতে নেমেছেন এই কাটার মাস্টার।