খবরটা যেন চমকে দেয়। চমকে যাওয়ার মতোই খবর বটে। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের বোলিং! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড়যুগ পাড়ি দেয়া একজনের ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখন বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ! অভাবনীয়ই তো।

তবে সাকিব অবাক হননি। সম্প্রতি জাতীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘অবাক লাগেনি। কারণ, যখন ওরা ওই ভিডিও আমাকে দেখিয়েছে, আমার কাছেও মনে হয়েছে আসলেই সন্দেহজনক অ্যাকশন।’

অন্য সবকিছুর মতো বিষয়টাকেও হালকা করেই নেন সাকিব। লম্বা ক্যারিয়ারে প্রথমবার বোলিং নিয়ে প্রশ্ন উঠলেও সাকিব মেনে নেন স্বাভাবিকভাবেই। বলেন, ‘মনে হয়েছে, গাড়িরও তো মাঝেমধ্যে পার্টস নষ্ট হয়। সেগুলো ঠিক করা লাগে। ও রকমই একটা কিছু হয়েছে, যা ঠিক করা লাগবে।’

বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর বিসিবির সাহায্য চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে খারাপ সময়ে বিসিবিকে পাশে পাননি তিনি। নিষিদ্ধ হয় তার বোলিং। দুই-দুইবার পরীক্ষা দিয়েও উৎড়াতে পারেননি চ্যালেঞ্জ।

তবে তৃতীয়বারের পরীক্ষায় মিলে মুক্তি। বোলিং করার সক্ষমতা ফিরে পান সাকিব। ফিরে আসার এই সাকিবকে সঙ্গ দেয় ইংলিশ ক্লাব সারে।

সারের প্রধান কোচ গ্যারেথ বেটিকে এর কৃতিত্ব দেন সাকিব। বলেন, ‘ভালো কিছু বিশেষজ্ঞ পেয়েছি, যারা আমাকে সাহায্য করেছেন। বিশেষ করে সারের হেড কোচ গ্যারেথ বেটি আন্তরিকভাবে আমাকে সাহায্য করেছেন। যোগাযোগ করার পরই ওয়েলকাম জানিয়ে বলেছে, যখনই আমি যাব, তারা সাহায্য করবে।’

তবে বোলিং করার অনুমতি ফিরে পেয়ে বেশ খুশি সাকিব আল হাসান। সমস্যাটা কেটে যাওয়ায় স্বস্তিতে আছেন তিনি। এই নিয়ে বলেন, ‘স্বস্তিরই তো বিষয়। এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই।’