গুঞ্জন আগেই ছিল, শেষ পর্যন্ত হলোও তাই। আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হওয়া মূল্য দিতে হলো কোচ দরিভাল জুনিয়রকে। তাকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে ৪-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এত বড় পরাজয় আগে আর কখনো দেখেনি।
শুক্রবার তার কাছে এই হারের ব্যাখ্যা দাবি করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এরপরই তাকে বরখাস্তের কথা ঘোষণা করে সিবিএফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘দরিভাল জুনিয়র আর কোচ হিসেবে থাকছেন না। বোর্ড তাকে ধন্যবাদ জানিয়েছে ও তার ভবিষ্যৎ যেন আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় সে শুভকামনা জানিয়েছে। এখন থেকে সিবিএফ নতুন একজন কোচ নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করবে।’
আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পরই অবশ্য দরিভাল জুনিয়র এর জন্য সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছিলেন। এবার সেই সায় নিয়ে ছাঁটাই হতে হলো তাকে।
২০২৪ সালে ফার্নান্দো দিনিজের কাছ থেকে ব্রাজিল দলের দায়িত্ব নেন তিনি। এরপর তার অধীনে ১৬ ম্যাচ খেলে ব্রাজিল। যার মধ্যে ৭টি জয়, ৭টি ড্র করে দল, হেরেছে কেবল ২টিতে।
তবে বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতা, কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার বিপক্ষে এমন হার তাকে করে তুলে বিতর্কিত। যার জেরে নিতে হলো বিদায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন চার নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।
এদিকে দরিভালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরের সাথে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। যদিও এখন পর্যন্ত বিষয়টা কেবল গুঞ্জন হিসেবেই আছে।