দ্য হান্ড্রেডে আবারো উপেক্ষিত বাংলাদেশ। আগের আসরগুলোর মতো এবারো দল পায়নি টাইগার ক্রিকেটারদের কেউ। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাত ধরে যেখানে ধাপে ধাপে এগিয়ে চলেছে অন্যান্য দলগুলো, সেখানে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আইপিএলের পর এবারের দ্য হান্ড্রেডেও দল পাননি এদেশের কেউ।

দ্য হান্ড্রেডে অবশ্য কখনোই কোনো বাংলাদেশী খেলেননি। ইতিহাস পরিবর্তনের আশায় ২৯ জন ক্রিকেটার নাম লেখান ১৩ মার্চের ড্রাফটে। তবে ইতিহাস বদলায়নি এবারো। টাইগাররা থেকেছেন উপেক্ষিত।

সবচেয়ে বেশি ভিত্তিমূল্য এক লাখ ২০ হাজার পাউন্ডে ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ছিলেন ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে। আর ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে তালিকাভুক্ত ছিলেন তানজিদ তামিম, নাহিদ রানা, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। আরো ২০ জন বাংলাদেশী ক্রিকেটার নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই ক্যাটাগরিতে নাম লেখান। কিন্তু বাংলাদেশের মতো পাকিস্তানের অবস্থাও হতাশাজনক। দেশটির ৪৫ জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েও দলে সুযোগ পাননি। তালিকায় ছিলেন নাসিম শাহ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, সাইম আইয়ুবরাও।

ড্রাফটে সবচেয়ে চাহিদায় ছিলেন ডেভিড ওয়ার্নার, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র। এছাড়া কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার ও মার্কাস স্টয়নিসদের মতো তারকারাও জায়গা পেয়েছেন বিভিন্ন দলে।

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের ১০০ বলের জনপ্রিয় এই আসর।