আর মাত্র একটা জয়, তবেই নিশ্চিত বিশ্বকাপ। এই যখন সমীকরণ, তখন কঠিন চ্যালেঞ্জের মুখে টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ব্যাট হাতে ভালো শুরু পেলেও পুঁজি বড় করতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা।
আজ বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ দল। যেখানে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা।
অবশ্য শুরুটা বেশ দারুণ ছিল বাংলাদেশের। মাত্র ২ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করা টাইগ্রেসরা শেষ ১৩৫ বলে ৭ উইকেট হারিয়ে তুলেছে মোটে ৯৩ রান। ফলে বড় পুঁজি পাওয়া হয়নি। ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন।
এদিন ইশমা তানজিমের জায়গায় ওপেনিংয়ে ফিরেন সোবহানা মোস্তারি। তবে ভালো করতে পারেননি তিনিও, ৯ বলে ৬ রান করে বিদায় নেন মোস্তারি। তবে তিনে নামা শারমিন ও ফারজানা মিলে যোগ করেন ১১৮ রান।
ফারজানা ৭৮ বলে ৪২ রান করে আউট হলে ভাঙে জুটি। তবে শারমিন আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক তুলে নেন। ৭৯ বলে ৬৭ রান করে আউট হোন তিনি। তাদের দু’জনের বিদায়ের পর বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান।
আগের তিন ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো অধিনায়ক নিগার সুলতানা আজ হতাশ করেছেন। ১০ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। স্বর্ণা করেন ৬ রান। রিতু মনিও ব্যর্থ আজ। ২৬ বলে করেছেন ১৫ রান।
ফাহিমা ৯ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন। শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন মিলে নবম উইকেট জুটিতে রাবেয়াকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন তিনি। ৩৯ বলে ২৫ রান করেন নাহিদা। রাবেয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। মারুফা করেন ১ রান।