খেলা চলাকালীন তামিম ইকবালের আচমকা এমন অসুস্থতা যেন নাড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। সমস্ত বাধা-বিভেদ ভুলে সকলেই মত্ত হয়েছেন প্রার্থনায়, সবারই চাওয়া সুস্থ হয়ে উঠুন এই তারকা।
সোমবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। কিন্তু হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার। তখনই তামিমকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকপ্টারও।
কিন্তু অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। নেয়া হয় আইসিইউতে। হার্টে ধরা পড়ে ব্লক, পড়ানো হয় দুটো রিংও।
এদিকে তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়। সতীর্থ ও ভক্তরা তার শিগগিরই সুস্থতার জন্য প্রার্থনায় মাতেন। সবার মাঝেই যেন দুশ্চিন্তার ছাপ। যা নাড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানকেও।
যদিও দেশে নেই সাকিব, তবু দূর থেকেই এক গণমাধ্যমে দেয়া ভিডিও বার্তায় তামিমের সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আশা করি তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবাই তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এই কঠিন সময় দ্রুত কেটে যায়।’
শুধু সাকিব নয়, সকল সতীর্থ ক্রিকেটাররাই তামিমের সুস্থতা চেয়ে প্রার্থনা করেছেন। সতীর্থের পাশাপাশি অনেক বিদেশী ক্রিকেটাররাও তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তাদের মাঝে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, মনোজ তিওয়ারি, যুবরাজ সিং ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে উল্লেখযোগ্য।
এদিকে তামিমের সুস্থতা কামনা করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।'