মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ। খানিকটা স্বস্তি ফিরেছে দলে, আর কোনো উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজে গেছে টাইগাররা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিত আগে ব্যাট করছে স্বাগতিকেরা।

মধ্যাহ্নভোজ পর্যন্ত ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৪৬ বলে ২১ রানে ব্যাট করছেন মুমিনুল। শান্ত ৪৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন।

এই ম্যাচ দিয়ে চলতি বছর সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তরা। আর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছে চার বছর পর।

ব্যাট করতে প্রথম ৮ ওভার ভালোই ছিল, ৩১ রান তুলে বিনা উইকেটে। তবে এরপরই আসে আঘাত। মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে বসে দল। চাপে পড়ে যায় বাংলাদেশ।

ভিক্টর নিয়াউচির বলে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান, ১২ রানে শেষ হয় তার ইনিংস। প্রথম উইকেটের ধাক্কা কাটিয়ে উঠার আগেই ফের উইকেট হারায় বাংলাদেশ। আবার আঘাত আনেন ভিক্টর নিয়াউচি।

১১তম ওভারে এসে ফেরান মাহমুদুল হাসান জয়কে, ১৪ রানে আউট হোন জয়। ১২ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ৩২। তবে দুই ওপেনারকে হারানোর ধাক্কা অনেকটাই সামলে উঠে তৃতীয় উইকেটে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক মিলে ধরেন হাল। তাতে মধ্যাহ্নবিরতির আগে আর কোনো বিপদ হয়নি টাইগারদের। জুটিতে আসে ৫২ রান।