হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৯৮ রানে হেরেছে বাংলাদেশ যুবারা। এই পরাজয়ে ছয় ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।

কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে চামিকা হেনাতিগালা ৭৮ ও কাভিজা গেমাগে ৬০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সেনুজা ওয়েকুনাগোদা ৫০ রান করেন। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে শ্রীলঙ্কা বোলার ভিগনেশ্বরন আকাশের বোলিং তোপে ৩৩ দশমিক ৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে কালাম সিদ্দিকি সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম।

বল হাতে ভিগনেশ্বরন ৩৫ রানে ৫ উইকেট নেন।

আগামী ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারো মুখোমুখি হবে দু’দল।

সূত্র : বাসস