খেলা শুরুর সময়ের প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও মাঠে গড়ায়নি বল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কাভার সরানো যায়নি দীর্ঘক্ষণ। ফলে প্রথম সেশন পরিত্যক্ত হয়েছে।

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় দিনের খেলা।

বৃষ্টির পর সিলেটের আকাশে উঁকি দিয়েছে রোদ। সরিয়ে নেয়া হয়েছে উইকেট ঢেকে রাখার কাভারও।

একপ্রান্ত দিয়ে গা গরম করতে নেমে গেছেন ক্রিকেটাররা। জানা গেছে, খেলা শুরুর সময়ও। দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। চা বিরতি হবে ৩টা ২০ মিনিটে।

উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম দিনটা অস্বস্তি নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলে জিম্বাবুয়ে। তবে গতকাল দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ফেরে লড়াইয়ে।

যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। বিপরীতে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করে ১ উইকেট ৫৭ রান নিয়ে। যদিও এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এদিকে লিড ভাঙতে নেমে এই ইনিংসেও সুবিধা করতে পারেননি সাদমান ইসলাম (৪)। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আর উইকেট যেতে দেননি। জয় ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন।