দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। কোনো সুযোগই পায়নি বাংলাদেশ। বিনা উইকেটে কাটিয়ে দেয় ২৮ ওভার। জিম্বাবুয়ে তোলে ৭২ রান। ফিফটি তুলে নেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস।
দু’জনের জুটিতে ২ উইকেটে ১৬১ রানে নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। তবে বিরতি থেকে ফিরতেই থামে তাদের ৯০ রানের জুটি। তবে কোনো উইকেট নয়, নিক ওয়েলচ মাঠ ছেড়েছেন গরমে অতিষ্ঠ হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে।
ওয়েলচ মাঠ ছাড়েন ১৩১ বলে ৫৪ রান নিয়ে। তবে মাঠে আছেন শন উইলিয়ামস, ব্যাট করছেন ১৪৩ বলে ৫৮ রান। জিম্বাবুয়ের সংগ্রহ এই মুহূর্তে ২ উইকেটে ১৬৪ রান।
এর আগে দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের। টসে হেরে বল করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিনের প্রথম উপলক্ষটা এনে দেন তানজিম সাকিব।
সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমে পঞ্চম ওভারেই পেয়ে যান উইকেটের দেখা। তার হাত ধরেই ৪১ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। ৩৩ বলে ২১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।
দ্বিতীয় উইকেটের পতন হয় ১৮.২ ওভারে, ৭২ রানে। ৫০ বলে সমান ২১ রান করে তাইজুল ইসলামের শিকার হোন বেন কারেন। এরপর নিক ওয়েলচ ও শন উইলিয়ামস মিলে ধরেন দলের হাল। একইসাথে বাংলাদেশের অবস্থা হয় বেহাল।