টাইগাররা দ্রুততম সময়ে ম্যাচে ফেরার চেষ্টা করবে মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে যে সব ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে দ্বিতীয় দিন থেকে ম্যাচে ফেরার চেষ্টা করবে শান্তরা।
রোববার (২০ এপ্রিল) প্রথম দিনের খেলা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনই ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোমিনুল হক। জবাবে দিন শেষে ১৪.১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬৭ রান করে জিম্বাবুয়ে।
টাইগারদের ব্যর্থতার কারণ জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘মানসিক দিক থেকে ছেলেরা অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। নিজেদের উন্নতির ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। তারা চেষ্টা করছে। আশা করছি, তারা খেলায় ফিরবে।’
কোচ সালাহউদ্দিন বলেন, ‘যেখানে ঘাটতি আছে তা আমরা উন্নতি করার চেষ্টা করছি। আজকে কোনোটাই ভালো হয়নি। আমাদের তাড়াতাড়ি ম্যাচে ফেরার চেষ্টা থাকবে।
শান্ত ও মুমিনুল অনেকটা সেট হয়ে গিয়েছিল। ভুল শটের কারণে আউট হতে হয়েছে। বোলারদের বিরুদ্ধে তারা কঠিন সময় পার করে উঠছিল ঠিক এই সময়ে উইকেট গেল। শান্তও একই ভুল করেছে। এটা সে নিজেও বলেছে। মিরাজের আরো উন্নতি দরকার। সবমিলিয়ে আমরা চেষ্টা করছি ভালো খেলা উপহার দিতে।