২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। উইম্বলডনের দ্বিতীয় সর্বোচ্চ টাইটেলধারীও তিনি। টানা ছয়বার ফাইনাল খেলার রেকর্ডও তার দখলে।

গত দুই আসরে শিরোপা জিততে না পারলেও উঠেছিলেন ফাইনালে। তবে এবার তাও পারলেন না নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্লামটির সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের।

শেষ চারটি ইয়ানিক সিনারের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পাররেননি জোকোভিচ। দাপুটে পারফরম্যান্সে উইম্বলডনের ফাইনালে উঠলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সিনার।

মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটেই সরাসরি সেটে জয় তুলে নেন সিনার। ইতালিয়ান তারকার জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন।

ইতালিয়ান তারকা ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। অন্যদিকে ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে থাকছেন না এই সার্বিয়ান।

পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। আর নারী ও পুরুষ মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। তার সামনে সুযোগ ছিল রেকর্ডটা এককভাবে দখলে নেয়ার।

একই সাথে তার সামনে হাতছানি ছিল আরো এক রেকর্ডের, উইম্বলডনে কিংবদন্তি ফেদেরারের সর্বোচ্চ আট শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর। এবার অন্তত তার কিছুই হচ্ছে না।

এর আগে দিনের প্রথম সেমি-ফাইনালে টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠেন আগের দুই আসরের চ্যাম্পিয়ন আলকারাস।

এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা ফাইনাল নিশ্চিত করায় রোমাঞ্চকর এক শিরোপার লড়াই হাতছানি দিচ্ছে টেনিসপ্রেমীদের।