পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভসূচনা করেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৩ জুলাই) চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে হংকংকে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম।
ম্যাচের ২০ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ।
২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দীন ইসলাম।
২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তারপরও গোলের জন্য মরিয়া ছিল তারা। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন অমিত হাসান। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পুরুষ অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে ১১ দলের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।
আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
অন্যদিকে, আট দলের নারী এশিয়া কাপে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, উজবেকিস্তান এবং হংকং ।
আগামীকাল শুক্রবার জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ নারী দল।