আগের দুই আসরের চ্যাম্পিয়ন, এবার সুযোগ ছিল হ্যাটট্রিক শিরোপা জেতার। সেই পথেই হাঁটছিলেন আলকারাজ। তবে প্রত্যাবর্তনের অনিন্দ্য গল্প লিখে প্রথম উইম্বলডন জিতলেন ইয়ানিক সিনার।
সময়ের দুই সেরা তারকার মুখোমুখি, মাসখানেক আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সাড়ে পাঁচ ঘণ্টা লড়াই করেন দু’জনে। আজও তেমনি রোমাঞ্চকর কিছুর অপেক্ষায় ছিল দর্শকরা।
ইয়ানিক সিনার তেমন রোমাঞ্চ ছড়াতে দেননি, চার সেটেই নিষ্পত্তি করেছেন পুরুষ একক শিরোপার। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। উইম্বলডনের রাজা বনে গেলেন প্রথমবার।
সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতেই পরাজয়। এই স্প্যানিশ তরুণের কাছে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হেরে যান সিনার। এবার সেই হারের শোধ নিলেন তিনি।
এখানেও শুরুটা ভালো হলো না ইয়ানিক সিনারের। অথচ তিনিই কিনা ভাঙলেন আলকারেজের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন। ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ইতালিয়ান শীর্ষ বাছাই।
এর আগে তিনি দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জিতেছেন। আর এবার তিনি প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা জিতলেন।