ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে শুক্রবার (২১ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানিয়েছেন।
ইসরাইল মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে নতুন করে আক্রমণ শুরু করেছে, যা ১৯ জানুয়ারির কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ অবশিষ্ট ইসরাইলি পণবন্দীদের মুক্তি না দিলে গাজা উপত্যকার বর্ধিতাংশ দখলে নেয়ার হুমকি দেয়ার পর এই যৌথ আবেদন জানানো হয়।
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী- জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট ও ব্রিটেনের ডেভিড ল্যামি যৌথ বিবৃতিতে ’যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় যোগদানের’ আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন পণবন্দীকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি গাজা শাসন করবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হবে না।
তারা আরো বলেন, ইসরাইলকে আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে সম্মান করতে হবে এবং ভূখণ্ডে সাহায্য সরবরাহের অনুমতি দিতে হবে।
সূত্র : এএফপি/বাসস