হাউছি সম্প্রদায় পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ মার্চ থেকে শুরু করে এক মাসেরও কম সময়ের মধ্যে মার্কিন বিমান হামলায় অন্তত ১২৩ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো ২৪৭ জন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মাতৃভূমির বিরুদ্ধে সরাসরি আগ্রাসন’ এবং এর লক্ষ্যবস্তু ছিল ‘বেসামরিক অবকাঠামো ও সাধারণ জনগণ’। সর্বশেষ হামলাটি ঘটে রাজধানী সানার নিকটে একটি কারখানায়, যেখানে সাতজন নিহত এবং পাঁচ শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং দাবি করেছে, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও কনভেনশনগুলোর সরাসরি লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমেরিকান-ইহুদিবাদী শত্রুর অপরাধমূলক রেকর্ডে এই হামলা আরেকটি নতুন সংযোজন। এটি স্পষ্টতই মানবতা ও আন্তর্জাতিক নীতিমালার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ।’

এই প্রেক্ষাপটে মন্ত্রণালয় আরব ও ইসলামী বিশ্ব, মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজকে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা