ইসরাইল মঙ্গলবার সিরিয়ার মধ্যাঞ্চলের একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা। সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ায় এটি ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলা।
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে, হোমস শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়নকে লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে ইসরাইল দেশটির সামরিক স্থাপনায় শত শত হামলা চালিয়েছে। তারা বলেছে, জিহাদি হিসেবে বিবেচিত নতুন কর্তৃপক্ষের হাতে যেন অস্ত্র না আসে সেজন্যই তারা হামলা চালাচ্ছে।
সোমবার ইসরাইল দক্ষিণাঞ্চলীয় শহর দারা এলাকায় হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানায়, এ হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা গত সপ্তাহে দামেস্কে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি ’কমান্ড সেন্টারে’ বিমান হামলা চালায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় একজনের মৃত্যু হয়েছে।
আসাদ সরকারের পতনের পর বিমান হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরাইলের মধ্যকার বাফার জোনেও প্রবেশ করেছে।
সূত্র : এএফপি/বাসস