অত্যন্ত রূহানী এক পরিবেশে ধৌত করা হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সৌদির শীর্ষ আলেম, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধৌতকরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ঐতিহ্য অনুযায়ী, কাবা শরীফের ভেতরের দেয়াল ও মেঝে জমজমের পানি, গোলাপ জল এবং উৎকৃষ্ট উদের সুগন্ধিযুক্ত পানি দিয়ে পরিষ্কার করা হয়।
এ সময় সৌদি বাদশাহ শাহ সালমানের প্রতিনিধি হিসেবে মক্কার গভর্নরসহ রাজ পরিবারের আরো একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এবারের ধৌতকরণ অনুষ্ঠানে ৪০ লিটার জমজম পানি এবং গোলাপ জল দিয়ে কাবা শরীফের অভ্যন্তরীণ অংশ ধুয়ে পরিষ্কার করা হয়, এরপর নফল নামাজ আদায় করা হয়। শেষে, কাবা শরীফকে খাস সুগন্ধি ও উৎকৃষ্ট পারফিউম দিয়ে সুগন্ধিত করা হয়।
এই অনুষ্ঠানটি প্রতিবছর সাধারণত দুইবার হয়ে থাকে—একটি রমজান মাসের আগে এবং আরেকটি হজের পর মহররম মাসের শুরুতে। সীমিত সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন।
-ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন