সিরিয়ার দামেস্কের গ্রামাঞ্চল ও দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি যুদ্ধবিমান দামেস্কের দক্ষিণে আল-কিসওয়াহ এলাকা ও দারার ইজরায় অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিরিয়ার শাসক বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠনগুলো দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করার কোনো প্রচেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
কাটজ বলেন, ‘আমাদের নতুন নীতির অংশ হিসেবে দক্ষিণ সিরিয়ায় বিমান বাহিনী বর্তমানে হামলা চালাচ্ছে, যাতে এলাকাটি অস্ত্রমুক্ত করা যায়। এটা স্পষ্ট যে আমরা দক্ষিণ সিরিয়াকে দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না।’
মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে কমান্ড সেন্টার ও অস্ত্র ধারণকারী একাধিক স্থান।
সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ সিরিয়ায় সামরিক সরঞ্জাম ও সম্পদের উপস্থিতি ইসরাইলের নাগরিকদের জন্য হুমকিস্বরূপ এবং যেকোন হুমকি অপসারণের জন্য অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ’ইসরাইল নতুন সিরিয়ার সেনাবাহিনীকে দামেস্কের দক্ষিণে প্রবেশ করতে দেবে না।’
তিনি কুনেইত্রা, দারা ও সুয়েদা প্রদেশসহ দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণ অসামরিকীকরণের দাবি জানান।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর ডিসেম্বরে ইসরাইল সিরিয়ার অসামরিক বাফার জোন গোলান মালভূমি দখল করার মাধ্যমে নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি